ধর্ষণকারীদের বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনার বটিয়াঘাটায় দুই বোনকে হাত-পা বেঁধে ধর্ষণ, নগরীতে কলেজছাত্রীকে ধর্ষণ এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মন্দিরা হত্যার প্ররোচনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে বেসরকারি সংস্থা জনউদ্যোগ খুলনার উদ্যোগে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। বিশেষত ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা প্রতিদিন চোখে পড়ছে। নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। নারীর সুরক্ষায় দেশে যে আইন বিদ্যমান তার যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে নির্যাতনকারীরা আর ভয় পাচ্ছে না। এমনকি ধরা পড়লেও আইনের ফাঁকফোকর গলে তারা পার পেয়ে যাচ্ছে।

জনউদ্যোগ খুলনার নারী সেলের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্ব মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মিজানুর রহমান বাবু, মফিদুল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, মহেন্দ্রনাথ সেন, মাহাবুবুর রহমান খোকন, মাহাবুব আলম বাদশা, ইসরাত আরা হীরা, শাহ মামুনর রহমান তুহিন, সৈয়দ আলী হাকিম, মো. ইমদাদ আলী, শেখ আবদুর হালিম, আইনুল হক, ইমরান জাহান প্রমুখ।