রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে যাওয়ার জন্য এবারও চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত ট্রেনটি চলাচল করবে। এখনো দিনক্ষণ ঠিক না হলেও চলতি মাসেই এটি চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও কম খরচে আম পরিবহনের জন্য ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হবে। গত বছর ২৫ মে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। এবারও প্রায় একই তারিখের দিকে চিন্তা করা হয়েছে। আমরা একটা সভা করে চাষিদের চাহিদা অনুযায়ী সময় নির্ধারণ করব। গুটি জাতের আম যেহেতু ঢাকায় তেমন চাহিদা নেই, তাই ২০ তারিখের পর গোপালভোগসহ মিষ্টি জাতের আম পাড়া শুরু হলে তখন ট্রেন চালু হবে। ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে এই ট্রেন চালু হতে পারে। প্রতি কেজি আমের ভাড়া কী হবে এ প্রসঙ্গে রেল কর্মকর্তা বলেন, এটি ঢাকার রেল ভবন থেকে ঠিক করা হবে।