কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া অসুস্থ এক তরুণীর মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদপানে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর ২ বন্ধুকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। গত পাঁচ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
নিহতের নাম লাবণী আকতার (১৯)। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাসকারী বরগুনার মনির হোসেনের কন্যা।
এ ঘটনায় তার সঙ্গে বেড়াতে যাওয়া চার বন্ধুর মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন- যাত্রাবাড়ী এলাকার কামরুল আলম (২০) ও রহমান নিলু (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
তিনি জানান, গত ১১ মে চার বন্ধুসহ কক্সবাজার আসেন লাবনী আক্তার। এসে কলাতলীর বিচ হলিডে নামের একটি আবাসিক হোটেলে অবস্থান নেন তারা।
সেখানে গত ১৪ মে অসুস্থ হয়ে পড়লে লাবণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, লাবণীর সঙ্গে আসা চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত মদ্যপানের কথা স্বীকার করেছেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুল ইসলাম জানান, লাবণী অসুস্থ হওয়ার পর কোমাতে চলে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিহতের শারীরিক লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে নিহত লাবণীর পিতাসহ অভিভাবকেরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটক দুজনকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।