মেন্ডিস-ম্যাথিউসকে ফিরিয়ে আশা জাগালেন তাইজুল

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে রোমাঞ্চ জমিয়ে তুললেন তাইজুল ইসলাম। প্রথম সেশনেই কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরে ফেরালেন বাংলাদেশি স্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নভোজে যাওয়ার আগে চতুর্থদিনে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা ৪ উইকেটে করেছে ১২৮ রান। ব্যাটিংয়ে আছেন দিমুথ করুনারত্নে (৪৪)। ১৮ রানে দিন শুরু করেন তিনি। লঙ্কান ওপেনার-অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা (১২)।

সফরকারীরা লিড নিয়েছে ৬০ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংস করে ৩৯৭ রান। ২ উইকেটে ৩৯ রানে দিন শুরু করে তারা। শেষদিনের শুরুটা বেশ ভালোভাবে সামাল দিচ্ছিলেন করুনারত্নে ও মেন্ডিস।

তাদের ৬৭ রানের জুটি ভাঙেন তাইজুল। ফিফটি থেকে ২ রান দূরে থাকা মেন্ডিসকে বোল্ড করেন তিনি। এরপর প্রথম ইনিংসে ১৯৯ রান করা ম্যাথিউসকে ডাক উপহার দিলেন তাইজুল। আগেরদিন শেষ উইকেট ‘নাইট ওয়াচ ম্যাচ’ হিসেবে নামা লাসিথ এম্বুলদেনিয়াকে (২) বোল্ড করে দিন শেষ করেন তিনি। তার আগে তাইজুল দুর্দান্ত থ্রোয়ে রান আউট করেন ওপেনার ওশাদা ফার্নান্দোকে (১৯)।

বাংলাদেশ প্রথম ইনিংস করে ৯ উইকেটে করে ৪৬৫ রান। শরীফুল ইসলাম ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় সেখানেই থামে টাইগাররা। তাতে ৬৮ রানের লিড পায় স্বাগতিক দল।