প্রথম টেস্টের সঙ্গে দ্বিতীয় টেস্টের সব পরিকল্পনাও যেন শেষ করে ফেলেছে শ্রীলঙ্কা। কাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তাই জানিয়ে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় টেস্টে তারা পেসার খেলাবে একজন। প্রথম ইনিংসে কী করবেন আর বাংলাদেশ কী করবে সবই বলে দিলেন। এতে সিরিজ জয়ের পথটাও যেন ঠিক করে ফেললেন তারা।
চট্টগ্রাম টেস্ট থেকে বেশ ইতিবাচক দিক পেয়েছে শ্রীলঙ্কা। প্রথমত ব্যাটারদের রান, দ্বিতীয়ত মরা উইকেটেও পেসারদের উইকেট পাওয়া। তবে মিরপুরের পিচ কেমন তা সবারই জানা। স্পিনাররা অনেকটা সুবিধা পান। ম্যাচের তৃতীয়-চতুর্থ দিনেই বল খেলা কঠিন হয়। সেই সুবিধা কাজে লাগাতে চান ধনঞ্জয়ারা। প্রথম ইনিংসে রান করে বাংলাদেশকে অলআউট করতে চান ১৫০ রানে, ‘আমরা দ্বিতীয় টেস্টে অবশ্যই এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলব। আমরা জানি মিরপুরের পিচ স্পিনারদের সহায়তা করবে। যদি আমরা আগে ব্যাট করি তবে ২৭৫-৩০০ রান করার চেষ্টা করব। এরপর বাংলাদেশকে ১৫০-এর মধ্যে আউট করতে চেষ্টা করব। এতে আমাদের জয়ের পথটা অবশ্যই সহজ হবে।’ ঢাকায় এক পেসারের জায়গায় আরেক বাঁহাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমাকেও খেলাবে সফরকারীরা।