নির্মাণ শেষের আগেই ধসে পড়েছে কালভার্ট

কুমিল্লার হোমনায় একটি বক্স কালভার্টের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সেটি ভেঙে পড়েছে। মাসখানেক আগে এর পাকা কাঠামো তৈরির পর চলছিল দুপাশে মাটি ভরাটের কাজ। কিন্তু কালভার্টটি বুঝিয়ে দেওয়ার আগেই সেটি ভেঙে পড়ায় এলাকাবাসী পড়েছে ভোগান্তিতে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণে এটি ভেঙে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

গৌরীপুর-হোমনা সড়কের বশিরউল্লাহ মাজারসংযোগ সড়কের পশ্চিম পাশে উপজেলার নিলখী ইউনিয়নের ভিটিকান্দি গ্রাম ও কবরস্থান সংযোগ সড়কের নালার ওপর মাসখানেক আগে দাঁড় করানো হয় এ কালভার্টটি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় দেড় লাখ টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ছেলে পারভেজ হোসেন এটি নির্মাণ করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, বক্স কালভার্টটি নির্মাণে পরিমাণের চেয়ে কম রড ও সিমেন্ট এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় মাস না যেতেই এটি ভেঙে গেছে। ফলে যাতায়াতে আমাদের সমস্যা হচ্ছে।

নিলখী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার মোবাইল ফোনে বলেন, ‘বক্স কালভার্ট কোথায় হচ্ছে, কে, কোন বরাদ্দ থেকে করেছেÑ তার কিছুই জানি না। এখন আপনার মাধ্যমেই জানলাম বক্স কালভার্ট ভেঙে গেছে।’

নির্মাণকারী পারভেজ হোসেন বলেন, ‘কাজটি ভালোভাবেই করা হয়েছিল। দুই পাশে মাটি ভরাট করতে গিয়ে ভেকুর ধাক্কায় এটি ভেঙে গেছে। এখন আবার করছি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির বলেন, ‘কালভার্টটি ভেঙে গেছে শুনেছি। ঠিকাদারকে অর্ধেক বিল দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে এটি নির্মাণ করার পর দেখে তারপর বাকি বিল দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’