জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ‘চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জনপ্রিয় ফোক শিল্পী শারমিন। টানা দুই মাসের বেশি সময় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহের নান্দাইলের মেয়ে শারমিন ছোটবেলা থেকেই তার বাবা বাউল শিল্পী হুমায়ুন কবীরের কাছে তালিম নেন। ২০১৫ সালে চ্যানেল আই আয়োজিত রিয়ালিটি শো সেরা কণ্ঠের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে লাইমলাইটে আসেন। সেই থেকে শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। অল্প সময়ের মধ্যে বিচ্ছেদ গানে শারমিন নিজের শক্ত অবস্থান করে নেন। শারমিনের গাওয়া গানের কোটি কোটি ভিউ হতে থাকে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তিনি আর গাইতে পারেননি। নতুন করে গাইতে শুরু করেছেন আবার। সুস্থ হয়েই শারমিন গাইলেন বিচ্ছেদের গান ‘পারলে একবার দেইখ্যা যাইও/তোমার সোনার চাঁন/বাঁইচা নাকি গেছে মইরা/আছে কি নাই প্রাণ’। শারমিন বলেন, ‘একমাত্র মহান প্রভুর অশেষ রহমতই আমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। কোটি কোটি মানুষের ভালোবাসা আর দোয়ার কারণেই আজ আমি গাইতে পারছি।’