যুক্তরাজ্যের ২৫% মানুষ একবেলা কম খাচ্ছে

মূল্যস্ফীতির কারণে বিভিন্ন দেশ এখন বিপদে। যুক্তরাজ্যেও লেগেছে এর ধাক্কা। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ায় তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন। অনেকে গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন। আবার অনেকে কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্যারিসভিত্তিক বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ইপসোসের জরিপে বলা হয়েছে, জীবনযাপনের খরচ অনেকটাই বেড়েছে যুক্তরাজ্যে। এ কারণে গ্যাস-বিদ্যুতের বিল বাঁচাতে ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন প্রতি তিনজনের মধ্যে দুজন। গাড়ি চালানো কমিয়েছেন ৫০ শতাংশ মানুষ। ২৫ শতাংশ মানুষ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। নিম্ন আয়ের মানুষের মধ্যে এক-তৃতীয়াংশ জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে তারা কোনো কোনো বেলার খাবার খেতে পারেননি। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরও বাড়ার আশঙ্কা করেছেন।

ইপসোস গ্রুপের রাজনৈতিক গবেষণাবিষয়ক প্রধান গিডিওন স্কিনার বলেন, ‘নানা অর্থনৈতিক পূর্বাভাসের ভিত্তিতে আগামী দিনগুলোয় আরও বেশি উদ্বেগজনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষের জীবনযাপনে উচ্চ ব্যয়ের সংকট দূর করতে বেশি বেশি পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়বে সরকারের ওপর।’

গত বুধবার যুক্তরাজ্য সরকার প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যে দেখা গেছে, এ বছরের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। বছরের শেষের দিকে এটি ১০ শতাংশে গিয়ে পৌঁছবে বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

ইউগভ নামে একটি সংস্থার আরেক জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার অর্থনীতি ব্যবস্থাপনায় বাজে। ইপসোস ১১ ও ১২ মে ২ হাজার ৬১ জনের এবং ইউগভ ১ হাজার ৮১০ জনের সাক্ষাৎকার নেয় ১৪ থেকে ১৬ মে পর্যন্ত।