টিকটক করতে নদীতে নেমে তরুণের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে টিকটক ভিডিও করতে গিয়ে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৮) নামে এক তরুণ প্রাণ হারিয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ইসলাম খোর্দ বোতলাগাড়ি গ্রামের মন্টু ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে সকালে খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি ব্রিজ এলাকায় টিকটক ভিডিও করতে নদীতে গোসল করতে নামে মোস্তাকিম। এ সময় স্রোতের টানে সে ডুবে যায়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে সেতু এলাকা থেকে প্রায় ১০০ মিটার দূরে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।