সিরাজগঞ্জের কামারখন্দে কুলখানির দাওয়াতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকায় ঢাকা-ঈশ^রদী রেললাইন পার হওয়ার সময় তারা ট্রেনে কাটা পড়েন। নিহতরা হলেন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আবদুল মান্নান (৭০) ও তার নাতি জুনায়েদ হোসেন (৮)।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, নাতি জুনায়েদ হোসেনকে নিয়ে আবদুল মান্নান এদিন দুপুরে একই উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাচ্ছিলেন। এ সময় জামতৈল রেলস্টেশন এলাকায় তারা ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।