ফের প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান সিটির ফোডেন

প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। এ নিয়ে টানা দুই মৌসুম সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

সিটিজেনদের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ২১ বছর বয়সী তারকা আরেকটি লিগ শিরোপা জয়ের সামনে। রবিবার লিগে নিজেদের শেষ ম্যাচে ইতিহাদে অ্যাস্টন ভিলাকে হারাতে পারলে চ্যাম্পিয়ন হবে পেপ গার্দিওলার দল।

চলতি মৌসুমে ৯ গোলের পাশাপাশি ৫ গোলে অ্যাসিস্ট করেছেন ফোডেন। প্রিমিয়ার লিগ প্যানেল ও সর্বসাধারণের ভোটে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংলিশ মিডফিল্ডার। এই অর্জনের পর ফোডেন বলেন, ‘দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে আমি গর্বিত’।

এই পুরস্কার জয়ের পথে ফোডেনের নিকট প্রতিদ্বন্দ্বী ছিলেন লিভারপুলের ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, চেলসি থেকে ধারে ক্রিস্টাল প্যালেসে যাওয়া মিডফিল্ডার কনর গালাঘার, প্যালেসের টাইরিক মিচেল, চেলসির ম্যাসন মাউন্ট, আর্সেনালের অ্যারন রামসদালে ও বুকায়ো সাকা এবং ওয়েস্ট হামের ডেকলান রাইস।

২৩ বছরের নিচের ফুটবলারদের বাছাই করে উদীয়মান খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়।