কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জে তিনজনকে হত্যা

কুষ্টিয়ায় চাচা ও চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক, মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রতিপক্ষের পিটুনিতে এক ব্যক্তি এবং ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর আঘাতে স্বামী খুন হয়েছেন। এছাড়া ফেনীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে মারা যাওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

কুষ্টিয়া : সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে শরিকানা সম্পত্তি ভাগাভাগি নিয়ে চাচা লালন মন্ডল ও তার ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝাউদিয়া বাজারের কাছে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত জসিমের ছোট ভাই রশিদ (৩২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা স্থানীয় বাসিন্দা পাতারি ম-লের ছেলে। জসিম পেশায় ভ্যানচালক ছিলেন।

লৌহজং (মুন্সীগঞ্জ) : লৌহজং উপজেলায় সুকুম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ শাবল ও কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে। সুকুম ওই গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে। লৌহজং থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর বলেন, বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুকুমের ঘরে ঢুকে তাকে পেটায়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া : দাম্পত্য কলহের জেরে তাজুল ইসলামকে (৫০) আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। গত শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ওই এলাকার এমরান মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪২) আটক করেছে পুলিশ।

ফেনীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু : ইস্রাফিল হোসেন ইফাত (১৪) নামে হেফজ বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা ভবনের পাশের রাস্তায় তার লাশ পাওয়া যায়। নিহত ইফাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের ওমানপ্রবাসী ইয়াসিনের ছেলে। ফেনী মডেল থানার এসআই ইফরান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মাদ্রাসার ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে।