ফরিদপুরের ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে জোড়া খুনের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন গ্রামবাসী।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-বরিশাল সড়কের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে তারা প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।
এর আগে সকাল ১০টার দিকে জানদি রেললাইনের ওপর একই দাবিতে তারা মানববন্ধন করেন। গত ৭ এপ্রিল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন সোলায়মান শরীফ ও কামরুল মাতুব্বর নামে দুই ব্যক্তি। হত্যাকান্ডের পর ১৯ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন রুবেল মাতুব্বর।