নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আইমান (১৮) ওই উপজেলার গনিপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি বাবার সঙ্গে চৌমুহনী ডিবি রোডে নিজেদের ফার্মেসিতে কাজ করতেন।
পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- পৌর করিমপুর এলাকার আবদুল হাই মিলনে ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাকিব তার সহযোগীদের নিয়ে তিন মাস আগে আইমনের কাছে চাঁদা দাবি করেন। তখন আইমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আইমনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়।
তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হন। প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগী পাভেল এবং নিরব আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে গতিরোধ করেন।
ওই সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আইমনকে গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন যুবক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।