গত নভেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরও করে টাইগাররা।
তার মধ্যে কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় মুমিনুল হকের দল। বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের সিরিজ বাকি আছে দুটি।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এরপর ভারত সিরিজ। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল মনে করেন, সবখানে জেতার সুযোগ আছে তাদের। তার মধ্যে চলমান শ্রীলঙ্কা সিরিজ জয়ের সুযোগ আছে মনে করেন তিনি।
দু’দলের চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছে। ২৩ মে থেকে শুরু হচ্ছে মিরপুর টেস্ট। তার আগে রবিবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ সব সময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন, সেটাই হলো সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে এটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সব সময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’
মুমিনুল আরও বলেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফলাফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। অবশ্যই আমরা পরিকল্পনা করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।’