আইটি পার্ক মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

ঘাটাইলে স্থাপনের জন্য নির্ধারিত আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে ও পূর্ব নির্ধারিত স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইলের হামিদপুর থেকে পাকুটিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক জুড়ে সর্বস্তরের হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

ব্যবসায়ী সমিতির নেতারা কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।

শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার বলেন, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইলের পাহাড়ি এলাকার গৌরীস্বর মৌজায় ১২ দশমিক ৭৭ একর ভূমি শেখ কামাল আইটি পার্ক অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য অধিগ্রহণ করে যথাযথ প্রক্রিয়ায় পার্ক কর্তৃপক্ষের নামে দলিল সম্পাদন হয়। একই সঙ্গে জমির জমাখারিজ করে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়। এ নিয়ে ওই সময় ঘাটাইলবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। কিন্তু হঠাৎ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এটি মধুপুরে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এতে ঘাটাইলের সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে।

হাইটেক পার্ক রক্ষা কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঘাটাইল কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামছুল আলম মনি, সাংবাদিক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, প্রেস ক্লাব সভাপতি খান ফজলুর রহমান প্রমুখ।