রাজাপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন নারী। গতকাল রবিবার বেলা ১১টায় রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ করেন গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠির নিরু বেগম, রাবেয়া বেগম, নাজমিন, সাহানা, নিজ গালুয়ার লিলি বেগম ও সুমনা আমিন।
লিখিত বক্তব্যে তারা জানান, উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ জীবনদাসকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সেখানে দুর্নীতি করে আসছেন। গত ১৮ মে তার এবং মাদ্রাসার সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। পরদিন ১৯ মে সভাপতি আজাদের অনুসারী খলিলুর রহমান স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীসহ নিরীহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে রাজাপুর থানায় মামলা করান।
আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো মামলার বাদী না এবং কারও বিরুদ্ধে মামলা করতে বলিনি। একটি মহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।’