ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা

কুষ্টিয়ায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা নওয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ, হত্যাসহ লাশ গুমের ঘটনায় করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দ-িত আসামিরা পলাতক। তারা হলো শহিদুল ইসলাম ওরফে শহীদ মেম্বার, মো. চান্নু এবং বক্কার ওরফে বক্কর। মামলার অন্য তিন আসামি মাহাতার বিশ্বাস, শরকত বিশ্বাস এবং সেলিমকে বেকসুর খালাস দেয় আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসীরা মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদকে (৪২) বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে শহিদুলের সন্ধান পায়নি পরিবার। ২০১০ সালে ১৯ মার্চ দহকুলা গ্রামের একটি পরিত্যক্ত কুয়ার মধ্য থেকে মরদেহের হাড় ও শহিদুলের পরিধেয় কাপড়সহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা বেগম থানায় মামলা করেন।