বুঝেশুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে : প্রধানমন্ত্রী

অঞ্চলভিত্তিক যথাযথ উন্নয়ন পরিকল্পনা বুঝেশুনে গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশের বিভিন্ন এলাকার প্রকৃতিগত পার্থক্য রয়েছে। বাংলাদেশের কিন্তু একেক এলাকা একেকরকমএটাও মাথায় রাখতে হবে। যেকোনো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে আরও ভালো করে চিনতে হবে, জানতে হবে।’

গতকাল রবিবার সকালে তার কার্যালয়ে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘সরকার এই বদ্বীপের জনগণকে নিরাপদ করতে এবং জনগণকে উন্নত জীবন দিতে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ গ্রহণ করেছে। দেশের অর্জিত বিশাল সমুদ্র এলাকা ডেল্টা প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। যমুনা সেতু নির্মাণের সময় যমুনা নদীর প্রশস্ততা বিবেচনায় না এনে নদীর ওপর মাত্র চার কিলোমিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ করা ছিল ভুল সিদ্ধান্ত, যা পদ্মা সেতুতে করা হয়নি। ফলে সেতুটি দীর্ঘ হয়েছে। আমি পদ্মা সেতু ছোট করতে দিইনি। আমরা নদীর সঙ্গে বাফার জোন রেখে সেতু নির্মাণ করেছি। সুতরাং সেতুটি দেশের দীর্ঘতম সেতু হয়ে উঠেছে। কিন্তু আমি মনে করি, যমুনার ওপর সেতুকে চার কিলোমিটারে নামিয়ে আনা একটি ভুল সিদ্ধান্ত ছিল। যেহেতু এর নকশা এবং পরিকল্পনা আগে করা হয়েছিল, তাই সেখানে আমাদের আর কিছু করার ছিল না। আমি কেবল এতে রেললাইন অন্তর্ভুক্ত করি।’

সমুদ্রসম্পদ কাজে লাগাতে একটি পরিকল্পনা গ্রহণের বিষয়ে তিনি বলেন, সমুদ্রসম্পদ নিয়ে আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত। তেল-গ্যাস উত্তোলন ছাড়াও আমরা অর্থনৈতিক অঙ্গনে কীভাবে তা কাজে লাগাবভেবে দেখা দরকার।’

তিনি বলেন, দেশের প্রতিটি বর্ষা মৌসুমে যমুনা ও পদ্মাসহ নদীর প্রবাহ ও তলদেশের মাটির চরিত্র পরিবর্তন হয়। যেহেতু এখানে বাংলাদেশের পরিস্থিতি অন্যান্য দেশের মতো নয়, তাই এই পার্থক্য মাথায় রেখে সঠিকভাবে পরিকল্পনা নিতে হবে।

দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমুদ্রে থাকা বিশাল মৎস্য ও খনিজসম্পদ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে এজন্য একটি পরিকল্পনা গ্রহণ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি মনে করি আজকের যে বিশাল সমুদ্ররাশি আমরা পেয়েছি ‘ডেল্টা প্ল্যান’র সঙ্গে একে আমাদের অর্থনৈতিক কার্যক্রমে কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে আমরা ‘ব্লু ইকোনোমি’ ঘোষণা দিয়েছি।

বঙ্গোপসাগরকে দূষণমুক্ত রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসে ‘সাউথ সি’র দূষণ দেখেছি। সেখানে পানিতে শুধু তেল ভাসে। কাজেই আমাদের বঙ্গোপসাগরটা যেন সে রকম দূষিত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে।

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো দায় নেই উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলোর কারণে জলবায়ু পরিবর্তন ঘটলেও এর প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর। ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২১০০ সাল পর্যন্ত এই পরিকল্পনার প্রয়োজনে সময়ে সময়ে কিছু পরিবর্তন ও পরিমার্জন করা যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, প্রধান সমন্বয়ক (এসডিজিবিষয়ক) জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ।

ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় বৈশ্বিক চুক্তিতে পৌঁছার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান : ভবিষ্যৎ মহামারী মোকাবিলায় একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত সাড়া প্রদানের জন্য ‘মহামারী চুক্তি’তে পৌঁছার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পঁচাত্তরতম বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলির উচ্চপর্যায়ের অধিবেশনে গতকাল সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৮ মে পর্যন্ত এ অ্যাসেম্বলি হচ্ছে। কভিড-১৯ মহামারী শুরুর পর এটিই প্রথম ইন-পারসন স্বাস্থ্যবিষয়ক সমাবেশ।

প্রধানমন্ত্রী বলেন, কভিড-১৯ মহামারী এখনো সারা বিশ্বে জীবন ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব ফেলছে। তিনি বলেন, বাংলাদেশে তার সরকার স্বাস্থ্যসেবা, আর্থিক ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে মহামারীর হুমকি মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, কেনিয়া, বতসোয়ানা ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট, ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এ সময় বক্তৃতা করেন।