ইরানে বন্দুকধারীর হামলায় কর্নেল নিহত

ইরানের রেভল্যুশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গত রবিবার তেহরানে নিজ বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় ওই কর্মকর্তা গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে বিবিসি।

নিহত কর্মকর্তার নাম সায়াদ খোদাই। তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডের কর্নেল হিসেবে নিয়োজিত ছিলেন। মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী তার গাড়িতে গুলি করে পালিয়ে যায়। গাড়িটিতে পাঁচবার গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, একটি গাড়িতে রক্তাক্ত অবস্থায় খোদাইয়ের মৃতদেহ পড়ে আছে। তার গায়ে তখনো সিটবেল্ট লাগানো।

এখন পর্যন্ত হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। বন্দুকধারীদের খুঁজতে অভিযান চলছে। বিবিসির মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান আশার বলেন, ২০২০ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা।