প্রেম করে মাসখানেক আগে তসলিমাকে বিয়ে করেন উসমান। তাদের এ বিয়ে মেনে নেননি উসমানের মা রানু বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে তসলিমার বাবা রফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেছেন রানু বেগম ও তার দুই ভাই।
গত রবিবার রাত ৮টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দা দক্ষিণপাড়া শাহী মসজিদের পাশে বাহাদুরের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, গত রমজানে রফিকুল ইসলামের মেয়ে তসলিমাকে বিয়ে করেন একই এলাকার রানু বেগমের ছেলে উসমান। এ বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত রবিবার সন্ধ্যার পর মাসকান্দা শাহী মসজিদ এলাকায় বাহাদুরের দোকানে বসে ছিলেন রফিকুল। তাকে দেখতে পেয়ে রানু বেগম এবং তার দুই ভাইথ আনিসুর ও সাদ্দাম ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।