গাজীপুরের শ্রীপুরের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। বেলা সাড়ে বারোটা অবধি নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল দশটার একটু আগে মাইজপাড়া রেললাইনের লেভেল ক্রসিংয়ের অদূরে রেলের স্লিপারের পাশে ওই নারীর মরদেহ পড়েছিল। শারীরিক অবস্থা দেখে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন-অর-রশিদ দেশ রূপান্তরকে জানান, নিহতের বয়স চল্লিশ পার হওয়া মনে হচ্ছে। সেলোয়ার-কামিজ পরিহিত নিহত ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।