শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ফেরত পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশারাকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল লঙ্কানরা। দলে ছিলেন কামিল মিশারাও। তবে একটি টেস্টেও খেলা হয়নি ২১ বছর বয়সী তারকার। চট্টগ্রাম টেস্টের পর চলমান ঢাকা টেস্টেও শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি তার।
না খেলেই দেশে ফিরতে হচ্ছে কামিল মিশারাকে। দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে এসএলসি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে এই বাঁহাতি ব্যাটারের।
চলতি বছর টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কামিল মিশারার। তবে টেস্টে এখনো অভিষেক হয়নি তার।