সাভারে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভারে এক পোশাক শ্রমিক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় রবি (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে গ্রেপ্তারের নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির।

এর আগে, গত সোমবার (২৩ মে) রাতে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ মে) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযুক্ত রবিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী নারী শ্রমিককে ডেকে এনে বন্ধুদের হাতে তুলে দেন তার কথিত প্রেমিক রবি।

গ্রেপ্তারকৃত মো. রবি খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। সাভারের কলমা এলাকায় মামিনুলের ভাড়া বাসায় থাকতেন।

ভুক্তভোগী নারী জানান, তিনি পারলারে কাজ করেন। কয়েক মাস ধরে তার সঙ্গে রবি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার রাতে রবি কলমা এলাকায় সেই নারীকে ফোন করে ডেকে আনে। পরে তাকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে রবিসহ তার ছয় বন্ধু মিলে ধর্ষণ করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির বলেন, এ ঘটনায় ইতিমধ্যে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত প্রেমিক রবিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।