জনগণের প্রত্যাশা অনুযায়ী অপরাধীদের বিচার হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সাভারে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভায় এ কথা বলেন তিনি। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের বিচার হবে। অপরাধীদের বিচার করাই আইনের প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সক্রিয় থাকবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। এ দেশের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশ নিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে আসছে। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বরুন ভৌমিক নয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।