শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে বিষ দিয়ে এক খামারির পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খামার মালিক গতকাল বুধবার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মামারিশপুর গ্রামের আতিক হাসান এক একর জমির একটি পুকুর ইজারা নিয়ে পোনা মাছ চাষ শুরু করেন। আতিক হাসান বলেন, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় আমার খামারে বিষপ্রয়োগ করা হয়। এতে খামারের রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির পোনামাছ মরে ভেসে ওঠে। এর আগে গত ১৩ মে রাতে আমার ইজারা নেওয়া আরও দুটি পুকুরে বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন করা হয়। ওই ঘটনায় একই এলাকার সুলতানের ছেলে সোহাগ তার ভাই ও বাবাকে আসামি করে অভিযোগ দেওয়ায় হামলা চালিয়ে আমাকে আহত করে এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। ওই ঘটনায় গত ১৭ মে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করায় ক্ষিপ্ত হয়ে আবারও সোহাগ আমার খামারে বিষপ্রয়োগ করে পোনা মাছ মেরে ফেলেছে। সোহাগ মিয়া বলেন, ‘আমাদের নামে যে অভিযোগটি আনা হয়েছে তা ঠিক নয়। আমি তার খামারের মাছ কেন মারতে যাব।’