নাটোরে এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় এক চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের বড়গাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর সকালে আদালতে হস্তান্তর করা হয়। পরে তাদের খ-কালীন জামিন দেওয়া হয়। এর আগে গত বুধবার নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলজার রহমান আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আদেশ দেন।
আসামিরা হলেন নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার (৪৫), করুণা রানী সরকার (৫৫) ও সুনীতি রঞ্জন সরকার (৬০)।
আদালত সূত্রে জানা যায়, গত বছর ৫ অক্টোবর নাটোর জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অজিত কুমার বিশ্বাস বাদী হয়ে চিকিৎসক সুমনা সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টার মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ১ অক্টোবর ওই চিকিৎসক ৪০ জন দুর্বৃত্ত দিয়ে আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে তার বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেন বলে অভিযোগ করেন ওই আইনজীবী।