টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমোদনহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ভূঞাপুর পৌর এলাকার ‘মা ক্লিনিক অ্যান্ড হাসপাতালে’ এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি লাইলী বেগম (২৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের আতোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গতকাল দুপুরে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লাইলী বেগমের প্রসববেদনা শুরু হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ক্লিনিকের দালাল শামছু মিয়া তাদের ফুসলিয়ে মা ক্লিনিকে নিয়ে যায়। পরে ক্লিনিক কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এনামুল হক সোহেল ও চিকিৎসক আল মামুনকে অস্ত্রোপচারের জন্য ডেকে আনেন। অপারেশন রুমে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওটি টেবিলেই ওই রোগী মারা যান।