কক্সবাজারে তথ্যমন্ত্রী

তারেক জিয়াকে ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সারা দেশের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত ‘আবৃত্তি উৎসবে’ তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ^বিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনেও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তারেক রহমান নিজেই দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়টিও দেখছে সরকার।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগারের বাইরে রেখেছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে ব্যর্থ হয়েছে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা যে ভাষায় কথা বলছেন, এতে আমাদের গভীরভাবে ভাবতে হচ্ছে এবং খালেদা জিয়াকে পুনরায় কারাগারে পাঠাতে জনগণের পক্ষ থেকে দাবি উঠছে।’

পদ্মা সেতু শুধু উন্নয়নযজ্ঞ নয়, এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এটি বিএনপি ও ড. ইউনূসসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এ নিয়ে এখন আর কেউ মুখ খোলেন না। কারণ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, অভিনয়শিল্পী জয়ন্তী চক্রবর্তী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ^র চক্রবর্তী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নূরুল আবছার প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।