এমবাপে থাকবেন জানতেন হাকিমি

ইউরোপীয় ফুটবলে এবারের গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম আকর্ষণ ছিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপে এমন খবর দীর্ঘদিন ধরেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিএসজিতেই থেকে গেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। কোচ মরিসিও পচেত্তিনোর মতে, এমবাপেকে দলে নিতে না পারাটা রিয়ালের জন্য হতাশার। পচেত্তিনো আরও জানান, এমবাপে পিএসজিতে থাকবেন সেটি আগে থেকে জানতেন রাইটব্যাক আশরাফ হাকিমি।

পিএসজিতে এমবাপের নতুন চুক্তি ২০২৫ পর্যন্ত। পচেত্তিনো নিজে আরেক মৌসুম প্যারিসের দলটিতে কোচ হিসেবে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। পিএসজি লিগ শিরোপা জিতে নিলেও প্রত্যাশিত ফলাফল করতে পারেনি চ্যাম্পিয়নস লিগে। এক সাক্ষাৎকারে এমবাপের নতুন চুক্তির বিষয়ে পচেত্তিনো বলেন, ‘এমবাপের সিদ্ধান্তে মোটেও অবাক হইনি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে শেষ পর্যন্ত (এমবাপে) থাকবে।’ এমবাপে পিএসজিতে থাকছেন সে খবর অনেক পরে জেনেছেন পচেত্তিনো। সতীর্থরাও আগে থেকে জানতেন না। ‘এমবাপের সিদ্ধান্তের বিষয়ে পুরো ড্রেসিং রুম জেনেছে (ঘোষণার) আধা ঘণ্টা আগে। শুধু আশরাফ হাকিমি আগে থেকে জানতেন। প্রেসিডেন্ট আমাকে জানান বিষয়টি।’ ২০২১-২২ মৌসুম শুরুর আগেও এমবাপেকে দলে আনার চেষ্টা করেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২২-২৩ মৌসুম থেকে এমবাপেকে পেতে আরও জোর চেষ্টা করে যাচ্ছিল।

পচেত্তিনো বলেন, ‘এমবাপেকে দলে না ভেড়াতে পারাটা রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই হতাশার। আমি এ বিষয়ে মতবাদ দিতে চাই না। সিদ্ধান্ত সিদ্ধান্তই। ক্লাব, মানুষ, ফরাসি ভাষা সবার জন্য এই সিদ্ধান্ত মঙ্গলজনক।’

পিএসজিতে পচেত্তিনো অধ্যায় শেষ, এমন খবর ইউরোপীয় গণমাধ্যমে। নিজের ছাঁটাই হওয়ার গুঞ্জন বিষয়ে পিএসজি কোচ বলেন ‘আমি থাকতে চাই বলার আগে বলছি আছি (পিএসজিতে)। আমি আবারও বলছি আছি, আরও এক বছর চুক্তি আছে আমার। সামনে অনেক চ্যালেঞ্জ, যা একজন কোচকে উৎসাহ দেয়।’

এক প্রশ্নের উত্তরে পচেত্তিনো সরাসরি জানাননি এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে কোন দলকে সমর্থন করবেন তিনি। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে তার সখ্য আছে। তবে ফুটবল খেলোয়াড় থাকার সময় আলাদা দুর্বলতা ছিল রিয়ালের প্রতি সেটিও জানান পচেত্তিনো।