নকল করতে না দেওয়ায় শিক্ষককে পেটাল ছাত্র

লক্ষ্মীপুরে পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে মুরাদ হোসেন নামে সাবেক এক ছাত্রের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে টুমচর আসাদ একাডেমির ভৌতবিজ্ঞানের শিক্ষক হেলাল উদ্দিনকে বিদ্যালয়ের সামনে ওই ছাত্রসহ কয়েকজন পিটিয়ে আহত করে।

শিক্ষক হেলাল উদ্দিন জানান, ২০১৭ সালে এসএসসির নির্বাচনী টেস্ট পরীক্ষায় নকল করতে না দেওয়ায় মুরাদ হোসেন অকৃতকার্য হয়। ফলে ওই বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। সেই ক্ষোভে শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রবেশ মুখেই সে একদল সন্ত্রাসীসহ তাকে পিটিয়ে আহত করে। পরে অন্য শিক্ষকসহ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শিক্ষক হেলাল উদ্দিন মোটরসাইকেলে বিদ্যালয়ে প্রবেশ করতেই ওতপেতে থাকা মুরাদ ও তার ৬-৭ সহযোগী লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় শিক্ষকের মোটরসাইকেলটিও ভাঙচুর করে তারা। এসময় অন্য শিক্ষকরাসহ শিক্ষার্থীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ হোসেনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তাই তার বক্তব্য নেওয়া যায়নি। মুরাদ সদর উপজেলার টুমচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে। সদর থানার ওসি মোস্তফা কামাল বলেন, ‘শিক্ষককে প্রাক্তন ছাত্রের মারধরের বিষয়টি মৌখিকভাবে শুনতে পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’