সোনাতলায় চার স্বর্ণের দোকানে ডাকাতি

বগুড়ার সোনাতলায় গভীর রাতে নৈশপ্রহরীকে মারপিট করে বেঁধে রেখে চারটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

পৌর সদরের গাজী প্লাজা মোড়ে আকন্দ মার্কেটের এই জুয়েলার্সগুলো হলো আপেল জুয়েলার্স, মাতৃ জুয়েলার্স, রোজবা জুয়েলার্স ও বেবি জুয়েলার্স।

সংঘবদ্ধ ডাকাত দল কর্তব্যরত নৈশপ্রহরী রবিউল ইসলামকে মারপিট করে পাশর্^বর্তী সোনাতলা পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের সামনে বেঁধে ফেলে রাখে। পরে তারা ওই কয়েকটি জুয়েলার্সের তালা কেটে ৬ ভরি সোনা, ৫৫ ভরি রুপা ও ১ হাজার ৫০০ টাকা লুট করে।

শনিবার ভোরে পথচারীরা যাওয়ার সময় নৈশপ্রহরীকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

সোনাতলা উপজেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি তরিকুল ইসলাম জানান, জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মালিকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, সেখানে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রকে ধরতে অভিযান শুরু হয়েছে।