সম্পর্ক ভাঙতে অস্বীকার প্রেমিকের, ফোনে ডেকে হাতুড়ি মেরে খুন!

বিবাহ বহির্ভূত সম্পর্ক ভাঙতে না চাওয়ায় প্রেমিককে ফোন করে ডেকে এনে খুনের অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বসিরহাটের গোপালপুর দাসপাড়ায়। পুলিশ ওই বধূ, তার স্বামী, বাবা এবং বোনকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দাসপাড়ার মেয়ে চম্পা রুইদাসের বিয়ে হয়েছিল আসানসোলে। তার স্বামী গৌতম রুইদাস পেশায় অটোচালক। গৌতমের বন্ধু স্বরূপের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন চম্পা। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন চম্পা। তবে তাতে রাজি ছিলেন না স্বরূপ। গত শুক্রবার স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে যান চম্পা। সেখানেই স্বরূপকে খুনের পরিকল্পনা করেন তিনি এবং গৌতম। চম্পার ফোন পেয়ে রবিবার রাতে স্বরূপ পৌঁছান হাড়োয়ায়। রবিবার রাতেই স্বরূপের মাথা হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করা হয়। এর পর তার দেহ প্লাস্টিক বস্তা চাপা দিয়ে আমবাগানে ফেলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। খুনের অভিযোগে পুলিশ চম্পা, তার স্বামী গৌতম, বাবা খোকন সাহা এবং দিদিকে গ্রেফতার করেছে। 
পুলিশের দাবি, জেরায় তারা খুনের কথা স্বীকার করেছেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াও অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের অস্ত্র হিসাবে ব্যবহৃত একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।