চট্টগ্রাম

স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় হামলায় ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে স্বেচ্ছাসেবক দলের নেতাদের দাবি। 

বুধবার বিকেলে নগরের পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের বাড়ির সামনে এ হামলা হয়।

হামলায় আহতরা হলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আজাদ, সদস্য দেলোয়ার হোসেন, আজাদ চৌধুরী, জাকির হোসেন, মো. বাবু, মো. হাসান, মো. শরীফ, মো. আকাশ, মাসুদ রানা, মো. ইমরান, ভুট্টো মাতবর, মো. শাহেদ, মো. ইমন, মো. সুজন। 

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ঘরোয়াভাবে আয়োজিত কর্মিসভায় অতর্কিত হামলা চালানো হয়। আত্মরক্ষার্থে উপস্থিত নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন।

হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘ছাত্রলীগের কেউ এই ঘটনায় জড়িত নয়। তবে সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তি করায় কে বা কারা হামলা করেছে, তা আমার জানা নেই।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে হামলার ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাইনি। কেউ যদি থানায় এসে অভিযোগ করে, আমরা আইনগত ব্যবস্থা নেব।’