দুর্দান্ত ব্যাটিং ছন্দে থাকা লিটন দাস তার সেরা টেস্ট র্যাংকিং ১২-তে ফিরেছেন। সঙ্গে তামিম ইকবালকে ছাড়িয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন। লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। ২০১৭-এর আগস্টে তামিম ৭০৯ রেটিং পয়েন্ট গড়েছিলেন। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট সাকিব আল হাসানের, ৬৯৪। টেস্ট র্যাংকিংয়ে লিটনের ১২তম স্থান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবসময়ের সেরা। আগের সেরা ছিল তামিমের ১৪ নম্বর, ২০১৭ সালে উঠেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে দুই সেঞ্চুরি (১০৩ ও ১৭৫*)-এর কল্যাণে ক্যারিয়ার সেরা ১৭তম র্যাংকিংয়ে উঠেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামে সেঞ্চুরি করলেও মিরপুরে প্রথমবারের মতো ‘পেয়ার’ (দুই ইনিংসেই শূন্য) পাওয়ায় তামিম ২৭ থেকে নেমে গেছেন ৩২ র্যাংকে। তেতো স্বাদ পাওয়া তামিমের অবনতি হয়েছে। ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে আছেন বাঁহাতি ওপেনার।
বাংলাদেশের বিপক্ষে ১৯৯ ও ১৪৫ রানের দুই ইনিংসের জন্য ৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৫ নম্বর স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষ দুই স্থান অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথের। পরের তিন স্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।