কালিয়াকৈরে শিক্ষামন্ত্রী

দারিদ্র্য যেন উচ্চ শিক্ষায় বাধা হয়ে না দাঁড়ায়

‘পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে জাতি আজ উদ্বেলিত, তাদের আনন্দ মøান করে আশঙ্কার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা হচ্ছে’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আজ হঠাৎ করে উত্তাপ ছড়ানোর একটি অপচেষ্টা হচ্ছে। আজ শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা, সেটি সেই ঘৃণ্য অপচেষ্টারই অংশ।

তিনি আরও বলেন, দারিদ্র্য কখনোই যেন মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নবীনবরণ ও বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ব্লেন্ডেড লার্নিং সল্যুশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার আশরাফ উদ্দিন প্রমুখ।