বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদ্মা সেতু ক্ষমতাসীন দলের লুটপাট, আত্মসাৎ এবং দুর্নীতির প্রতীক উল্লেখ করে বলেছেন, ‘নিজস্ব অর্থায়নে কোনো কিছু করার দৃষ্টান্ত বর্তমান অবৈধ প্রধানমন্ত্রীর নেই। নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারাজ করার দৃষ্টান্ত আছে কেবল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের।’
গতকাল বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম’ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনি কোন অধিকারে অন্য দেশ থেকে চড়া সুদে এই পদ্মা সেতু বানিয়ে কৃতিত্ব নিচ্ছেন? ওটা তো লুটের প্রতীক, আত্মসাতের প্রতীক, দুর্নীতির প্রতীক। আজকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মাথায়ও ৯৮ হাজার টাকা ঋণের বোঝা আছে। তাকেও পরিশোধ করতে হবে ঋণ। আপনি চড়া সুদে লোন নিয়ে বলছেন নিজস্ব অর্থায়নে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘পদ্মা সেতুর টাকা কি আপনার ভ্যানিটি ব্যাগ থেকে বের হয়েছে? আপনি তো টাকা নিয়েছেন চড়া সুদে চীনের কাছ থেকে। এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে, সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ^ব্যাংক বানাতে চেয়েছিল।’
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক নেতা মোরতাজুল করিম বাদরু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।