মফস্বল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন শোয়েব চৌধুরী

অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক দেশ রূপান্তরের হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হওয়ায় দেশের মফস্বল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন। এধারা অব্যাহত রাখতে মফস্বল সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হতে হবে।    

শোয়েব চৌধুরীর অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শুক্রবার স্বাধীনতা পূর্বাপর বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র সংগঠন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, সাংবাদিকতার পথ কোনো সময়ই মসৃণ ছিল না। ভবিষ্যতে থাকবে বলেও মনে হয় না। তারপরেও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সাংবাদিক সমাজকেই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শুরুতে অনুসন্ধানী সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ বিজয়ী শোয়েব চৌধুরী, হবিগঞ্জ জেলার প্রবীণ ও গুণী সাংবাদিক চৌধুরী ফজলে নুর ইসমত ও সংগঠনটির সদস্য জহুর হোসেনকে ফুল দিয়ে বরণ করা হয়।

উত্তরা কমপ্লেক্সের প্রবীণ আওয়ামী লীগ নেতা শরীফ উল্লার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এপিপি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, কমরেড হিরেন্দ্র দত্ত, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন আহম্মদ, অ্যাডভোকেট নলিনী কান্তি রায় প্রমুখ।

পরে সংগঠনটির পক্ষ থেকে সংবর্ধিত তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়।