যুব বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় কখনই উইন্ডিজ সফর করেননি। জাতীয় দলের হয়ে আসন্ন সিরিজই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তার প্রথম সফর। প্রথমের আনন্দ যেমন আছে তেমনি অজানা কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে। জয় দুই দিকই উপভোগ করতে চান। তার আগে নিজের ব্যাটিং নিয়ে কাজ করবেন টেস্ট সিরিজের আগের সময়টায়। কাল দেশ ছাড়ার আগে এই লক্ষ্য জানিয়ে গেলেন তরুণ এই ব্যাটার।
সিরিজের প্রথম টেস্ট শুরু ১৬ জুন। ম্যাচের আগে ১০ দিনের মতো সময় পাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে দুই রকম বলে আউট হয়েছিলেন জয়। একটি সামনে পা না নেওয়ায় বোল্ড আর পরের ইনিংসে শর্ট বলে। টেস্টের আগে শুধু এই দিক নয়, আরও নির্দিষ্ট কিছু জায়গায় কাজ করবেন বলে জানানÑ ‘আমরা অনেক আগে যাচ্ছি।
প্রথম ম্যাচ ১৬ তারিখ। আমরা নির্দিষ্টভাবে কিছু দিক নিয়ে কাজ করে ভালো করার চেষ্টা করব। আমি আসলে রোমাঞ্চিত, কারণ ওয়েস্ট ইন্ডিজে এটা আমার প্রথম সফর। অনূর্ধ্ব-১৯ দলে পাইনি, জাতীয় দলের হয়েই প্রথম যাচ্ছি। অনেক দিন আগে যাচ্ছি। চেষ্টা করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খাপ খাইয়ে সেখানে ভালো কিছু করার।’
ব্যাটসম্যান হিসেবে জয় ভালো করতে চাইবেন এটাই স্বাভাবিক। তবে ব্যক্তিগত অর্জন ছাপিয়ে জয় তাকিয়ে আছেন দলের হয়ে কিছু অর্জনের দিকে, ‘সবার প্রত্যাশা থাকে আমরা ভালো কিছু করি।
আমরাও চেষ্টা করব সিরিজ ড্র অথবা জেতার। আর ব্যক্তিগত বলতে ব্যাটার হিসেবে সবারই প্রত্যাশা থাকে ভালো করব। নির্ভর করছে আমি কতটা প্রস্তুত, আর ভাগ্যের ওপরও নির্ভর করে। তাছাড়া সেখানে আমার প্রথম সফর, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া প্রথম লক্ষ্য। এরপর ম্যাচ পরিস্থিতিতে যেসব অনুশীলন হবে, সেগুলো রপ্ত করে ম্যাচে প্রয়োগের চেষ্টা করব।’