বিটিভির নাটকে চাঁদনী

মনস্তাত্ত্বিক জটিলতা ও বিয়োগাত্মক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘দুজনার দুটি পথ’। লম্বা বিরতির পর বাংলাদেশ টেলিভিশনের এই নাটকে অভিনয় করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চাঁদনী। তার সহশিল্পী হিসেবে আরও আছেন আহসান হাবিব নাসিম, ফারহানা মিলি, শাহাদাৎ হোসেন নিপু, ইকবাল বাবু, কাজল মজুমদার, কবির টুটুল প্রমুখ। নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে। চাঁদনী বলেন, ‘অভিনয় করতে খুব ভালোবাসি। কিন্তু আজকাল যে ধরনের নাটকের প্রস্তাব পাই তা মনে ধরে না। আমরা গল্পনির্ভর নাটক করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলাম। এখন যদি গল্প-চরিত্র ঠিক নেই এমন কাজ করি, তবে ভক্তদের সঙ্গে অসততা হবে। তাই খুব কম কাজ করা হচ্ছে। কিন্তু এই নাটকের গল্পটি ভালো। নির্মাতা ও আমার সহ-অভিনেতা নিপু মেধাবী মানুষ। খুব সুন্দর করে গল্পটি ফুটিয়ে তুলেছে।’ নাটকের কাহিনীতে দেখা যাবে হোসেন আর জামাল বিশ্ববিদ্যালয়ের বন্ধু। হোসেন রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু আদর্শবান হওয়ায় কর্মজীবনে তেমন সুবিধা করতে পারে না। তাকে ভালোবাসে একই বিশ্ববিদ্যালয়ের শিউলি। নিজের ভবিষ্যৎ অনিশ্চিত জেনে হোসেন শিউলিকে অনুরোধ করে জামালকে বিয়ে করার জন্য। কিন্তু শিউলি তাতে রাজি হয় না। জামাল তৃণা নামের একটি মেয়েকে বিয়ে করে। এদিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোসেনকে জামাল ও তার স্ত্রী তৃণা হাসপাতালে দেখতে আসে। হোসেন জামালকে শিউলির কথা জিজ্ঞেস করলে একদিন জামাল শিউলিকে নিয়ে হাসপাতালে আসে। তখন সবাই জানতে পারে হোসেনকে ভালোবেসে শিউলি এখনো বিয়ে করেনি।