আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‘নির্বাচন নিয়ে টালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই। এই রেকর্ড বিএনপির আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্রক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম টালবাহানা করেছিল।’
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, বিএনপি নেতারা সব সময় বলেন, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এ ধরনের নীতিবাচক কথাবার্তা বলছেন। তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে।
সরকার সিন্ডিকেটের মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করে মুনাফা খাচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকান্ডে হতাশ হয়ে মির্জা ফখরুল ছেলে মানুষের মতো সরকারের চাল মজুদ ও মুনাফার কথা বলছেন।’