রিয়াল মাদ্রিদ-লিভারপুল সমর্থকদের কাছে ক্ষমা চাইল উয়েফা

প্যারিসে গত শনিবার রাতে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রাত ১টায়। কিন্তু শুরু হতে হতে ৩৬ মিনিট দেরি!

ফাইনাল দেখতে দুই দলের সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ নিয়ে কী কাণ্ডটাই না হলো। টিকিট থাকা সত্ত্বেও অনেকে মাঠে বসে খেলা দেখতে পারেননি। আয়োজকেরা ‘ভুয়া’ টিকিট দাবি করে তাদের প্রবেশ করতে দেননি। দুই দলের সমর্থকদের হইচই থামাতে পুলিশ শুরু করে লাঠিচার্জ।

লিভারপুল সমর্থকেরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের ওপর লাঠি চালিয়েছে। আর নিজেদের সমর্থকদের সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনার জন্য জবাব চায় রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত চাপের ওঠা সমর্থকদের থামাতে চ্যাম্পিয়নস লিগ আয়োজকেরা হিমশিম খাচ্ছিল। তার জন্য দর্শকদের মারধরের পাশাপাশি টিয়ারশেল-পিপার (মরিচের গুঁড়া) স্প্রেও করতে হয় পুলিশকে।

আয়োজকদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন লিভারপুলের চেয়ারম্যান। দুই দলের সমালোচনার মুখে অবশেষে এক সপ্তাহ পর এমন নিন্দনীয় ঘটনার জন্য লিভারপুল ও রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা। এমনটা আর ঘটবে না জানিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘কোনো ফুটবল সমর্থকের এমন পরিস্থিতি পড়া উচিত নয়, এবং এমনটা আর ঘটবে না।’