যে কারণে জুভদের সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি কিয়েলিনির

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। আজ্জুরিরা যদি কাতারের টিকিট পেত তবে অবসরটাও পিছিয়ে দিতেন জর্জিও কিয়েলিনি। কিন্তু থামতে হলো ৩৭ বছর বয়সী তারকাকে।

যে ওয়েম্বলিতে ইউরো ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়েছিল সেখানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি কিয়েলিনির। বিদায়ী ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আন্তঃমহাদেশীয় লড়াই ফিনালিসিমায় ৩-০ গোলে হারে ইতালি।

কিয়েলিনি আগেই জানিয়েছিলেন, আজ্জুরিরা যদি কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে পারে তবে জুভেন্টাসে থাকবেন। কিন্তু রবার্তো মানচিনির শিষ্যরা এবারও ব্যর্থ। ৩৭ বছর বয়সী ডিফেন্ডারও জন্মভূমি ছেড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। তুরিনের বুড়ির সঙ্গে ১৭ বছরের সম্পর্ক এই মাসে শেষ হচ্ছে তার। এরপর নতুন ক্যারিয়ার শুরু করবেন এমএলএসে লস অ্যাঞ্জেলসের হয়ে।

বুটজোড়া তোলে রাখার আগে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার খুব ইচ্ছে ছিল কিয়েলিনির। কিন্তু তা আর সম্ভব হলো না। যার ফলে তুরিনকে বিদায়। স্পোর্টউইক’কে সেই কষ্টের কথায় শোনালেন কিয়েলিনি, ‘হ্যাঁ, আমি খেলে যেতাম। কারণ আমি বিশ্বকাপ নিয়ে ইতিহাস পাল্টাতে চেয়েছিলাম। আমি কঠোর চেষ্টা করেছি। তবে তা করতে পারিনি।’

ইতালির হয়ে ১১৭ ম্যাচ খেলেছেন কিয়েলিনি। তবে দুটো বিশ্বকাপ তাকে দেখতে হবে দর্শক হয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়ে ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরেছিল ইতালি। পরের বিশ্বকাপেও একই লজ্জা বরণ করতে হয় কিয়েলিনিদের।