রাজাপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

সরকারি ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ

রাজাপুরে সরকারি বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলার গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদ শরীফের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার গালুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসী বেগম।

ফেরদৌসী বেগম অভিযোগ করে বলেন, তিন বছর আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদ শরীফ প্রস্তাব দেন, ‘তোর তো ঘর নাই। আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলে তোকে একটি পাঁচ লাখ টাকার সরকারি ঘরের বরাদ্দ এনে দেব।’ এরপর আমি অহিদ শরীফকে ছত্রিশ হাজার টাকা দিই। কিন্তু অহিদ শরীফ আমাকে ঘর দেবে দেবে বলে ঘোরাতে থাকে। আমি ঘরের আশায় তিন বছর অপেক্ষা করে টাকা ফেরত চাইলে ‘ইউএনও টাকা খেয়ে বদলি হয়ে গেছে’ বলে আমাকে জানায় অহিদ শরীফ। আমি যক্ষ্মায় আক্রান্ত। টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না। এ ব্যাপারে আমি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের কাছে গত বুধবার লিখিত অভিযোগ দিয়েছি।

গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অহিদ শরীফ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় একটি রাজনৈতিক পক্ষ আমাকে হয়রানি করার জন্য ফেরদৌসীকে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছে। তদন্তেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, গালুয়ায় একজন নারীর কাছ থেকে টাকা নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছি।