মুক্তিপণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত শিশু মোকারমকে (৯) ৭ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার মদনপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জড়িত থাকায় শিশুটির খালু বাবু মিয়া (২৯) ও তার স্ত্রী নূরুন্নাহার অনুকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা।
ওসি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খিদিরপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে বাবু মিয়া গত ২৮ মে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে তার ভায়রা ভাই রহমত উল্লাহর বাড়িতে বেড়াতে আসেন। এসময় শিশু মোকারমকে স্থানীয় শ্রীনগর বাজারে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে এবং রাত সাড়ে ৭টার দিকে মোবাইলে রহমত উল্লাহর কাছে মুক্তিপণ বাবদ ৬০ হাজার টাকা দাবি করে।
এ বিষয়ে গত বুধবার মোকারমের বড় ভাই রুবেল মিয়া ভৈরব থানায় অভিযোগ দিলে শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে পুলিশ বাবু মিয়াকে গ্রেপ্তার করে।