হজরত আবু যর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ্ বোখারি ও মুসলিম গ্রন্থে সংকলিত হাদিস থেকে জানা যায়, আল্লাহতায়ালার কাছে বান্দার উচ্চারিত সর্বাধিক প্রিয় দুটি বাক্য রয়েছে। বাক্য দুটি উচ্চারণে হালকা ও সহজ। কিন্তু অর্থের গভীরতা ও বিনিময় খুবই মূল্যবান। তা হলো এক. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সব প্রশংসা।
দুই. সুবাহানাল্লাহিল আজিম। অর্থ : মহান সেই আল্লাহ, তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত অনেক নফল ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমরা যেকোনো জায়গায় যেকোনো সময়ে মহান আল্লাহর প্রশংসায় তার জিকির করতে পারি। এক্ষেত্রে উপরোক্ত দুটি বাক্য সবসময় জিকিরের জন্য পাঠ করা যায়। আশা করা যায়, এর মাধ্যমে আল্লাহতায়ালা আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া গোনাহসমূহ মাফ করে দেবেন।
সময়ের বৈশিষ্ট্য
সময় এর বৈশিষ্ট্য তিনটি। ১. দ্রুত ফুরিয়ে যায়, ২. চলে যাওয়া সময় ফিরে আসে না ও ৩. সময় মূল্যবান সম্পদ। একজন মুসলিমের ওপর সময়ের সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব চলে আসে এবং তাকে এ দায়িত্বগুলো বাস্তবায়ন করে দেখাতে হয়। মুসলমানদের প্রথম কর্তব্য হলো সময়কে সংরক্ষণ করা। পূর্ববর্তী আলেমরা বেশি কৃপণ ছিলেন সময়ের ব্যাপারে। সময়ের গুরুত্ব এবং মূল্য উপলব্ধির ক্ষেত্রে তারা ছিলেন সর্বাধিক মুনাফাভোগী ব্যবসায়ীর মতো। হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আমি বেশ কিছু জাতির সঙ্গে মেলামেশা করেছি। তোমরা তোমাদের দিরহাম-দিনারের প্রতি যতটুকু মনোযোগী হও, তারা তাদের সময়ের প্রতি তার চেয়ে বেশি মনোযোগী হয়।’ বর্তমানে ‘সময় কাটানো’ কিংবা ‘টাইম পাস’ শব্দ দুটি খুব জনপ্রিয়। মনে রাখতে হবে, সময় কাটানোর কোনো বিষয় নয় বরং কাজে লাগানোর বিষয়।
গ্রন্থনা : হাবিবুর রহমান