সন্ধ্যায় জমি নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়া, রাতে পুকুরে মিলল বিক্ষত লাশ

পটুয়াখালীর কলাপাড়ায় আবু জাফর প্রদীপ (৩৫) নামে এক দলিল লেখকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত ২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তার ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি ওই এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। দুই সন্তানের জনক প্রদীপ পেশায় একজন মানবাধিকার কর্মী এবং দৈনিক সরেজমিনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় বাসা থেকে বের হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ ভেসে ওঠে।

প্রদীপের স্ত্রীর দাবি, সন্ধ্যায় জমিজমা নিয়ে ভাইয়ের সঙ্গে প্রদীপের ঝগড়া হয়। বিষয়টি থানায় অবহিত করার জন্য এরপর তিনি বাসা থেকে বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।