চার মিনিটে রোনালদোর জোড়া, ফিরলেন গোলে

রবিবার রাতটা নিজেদের করে নিয়েছেন সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনে পেয়েছেন গোলের দেখা।

স্পেনে প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের সব গোলই করেছেন মেসি। বসে থাকেননি তার চির প্রতিদ্বন্দ্বী রোনালদোও।

ঘরের মাঠে নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। জোড়া গোল করেছেন সিআর সেভেন। এই দাপুটে জয়ে নিজেদের গ্রুপে শীর্ষে উঠেছে পর্তুগিজরা।

দলের প্রথম গোলটিতেও বড় অবদান রোনালদোর। ১৫তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বুলেট গতির নিচু ফ্রি-কিক ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে ফিরতি বলে জালে পাঠান উইলিয়াম কারভালহো। এরপর বিরতিতে যাওয়ার আগে পর্তুগালের আরও দুই গোল।

এই দুই গোলই করেন রোনালদো। ৩৫তম মিনিটে ১২ গজ দূর থেকে শটের পর ৩৯তম মিনিট পর দ্বিতীয় গোল। ৬৮তম মিনিটে পর্তুগালের চতুর্থ গোলটি করেন কানসেলো।

অবশেষে জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ পর গোলের দেখা পেলেন রোনলদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এই তারকা সংখ্যাটাও নিয়ে গেলেন ১১৭-তে। যেখানে ৮৬ গোল নিয়ে তালিকার চারে ওঠে এসেছেন মেসি।