বাবা করলেন বিক্রি, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা-পুলিশের তৎপরতায় মায়ের কোল ফিরে পেল শিশু আবদুল্লাহ।

নেশার টাকা জোগাড় করতে না পেরে গত ৪ জুন দেড় বছরের শিশু সন্তানকে বিক্রি করে দেন বাবা ইমরান হোসেন। পরে শিশুটির মা লামিয়া বেগমের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেন। দুই সন্তানের জননী লামিয়া বেগমের ৬ মাস বয়সী এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের বাসিন্দা ইমরান হোসেন।

আগে থেকেই তিনি নেশার সঙ্গে জড়িত ছিলেন। গত ৪ জুন নেশার টাকা জোগাড় করতে না পেরে ঘর থেকে শিশু আবদুল্লাহ নিয়ে বের হন। পরে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে নিঃসন্তান রুমা আক্তারের কাছে বিক্রি করে দেন।

সন্তানকে না পেয়ে হতদরিদ্র মা লামিয়া বেগম মতলব দক্ষিণ থানা-পুলিশকে অবহিত করেন।

পরবর্তীতে থানার ওসি মো. মহিউদ্দিন মিয়ার নির্দেশে এসআই রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, লামিয়া বেগম থানায় এসে আমাদেরকে বিষয়টি জানালে সাথে সাথেই পুলিশ তার সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

পরে মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর থেকে তার সন্তানকে উদ্ধার করে তার কোলে ফিরিয়ে দেওয়া হয়।

‘মূলত শিশুটির বাবা একজন নেশাগ্রস্ত মানুষ। সে তার নেশার টাকা জোগাড় করতে না পেরে অবুঝ শিশুটিকে বিক্রি করে দেয়। যদিও এই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখে না। তাই লামিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান’ বলেন তিনি।