আগামী অক্টোবরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দু দিনব্যাপি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড-২০২২। এবারের প্রতিপাদ্য- ‘খাদ্য ব্যাবস্থায় পুষ্টি মান উন্নয়নে তরুনদের নেতৃত্ব’। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার অলিম্পিয়াডের লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, সরকারের ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন এবং ২০৩০ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পুষ্টি খাতের উন্নয়নে তরুণদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সারা দেশে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড বিশেষ ভূমিকা পালন করবে।
জাতিসংঘের ফুড সিস্টেম সামিট-২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে ও নিউট্রিশন অলিম্পিয়াড আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পুষ্টি বিষয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ আইসিটি ইন ডেভলপমেন্ট (বিআইআইডি) ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদ উদ্দিন আকবর।
তিনি জানান, অক্টোবরে অনুষ্ঠেয় অলিম্পিয়াডে ৩০ দেশের ১ লাখ প্রতিযোগী ১৫টি প্রতিযোগিতায় অংশ নেবেন এবং ৪টি পলিসি সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হবে।
খাদ্য মন্ত্রণালয় এবং বিআইআইডি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সহায়তা করবে দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (জিএআইএন)।
অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।